
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে আকাশ, নৌ ও স্থলপথ উন্মুক্ত করতে হবে, এক্ষেত্রে রাজনীতি করলে হবে না। শত্রু শত্রু খেলার দিন শেষ। এখন বাণিজ্যবান্ধব কূটনীতি গড়ে তুলতে হবে। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইআইডি) এক্সপো অ্যান্ড ডায়ালগ’ এর দ্বিতীয় দিনে ক্রস বর্ডার বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এ সংলাপের আয়োজন করে। চেম্বার সভাপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংলাপে অংশ নেন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক পরামর্শক সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, আমাদেরকে আকাশপথ, নৌপথ এবং স্থলপথ নির্বিঘ্ন করতে হবে। এই ৩টি পথে চীন ও প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করতে হবে। চীনের সঙ্গে পণ্যের আদান-প্রদান বাড়াতে শুল্ক ও অশুল্ক বাঁধা দূর করতে হবে। এ বিষয়ে কীভাবে আমরা ঐক্যমতে আসবো, সে সম্পর্কে আলোচনা হতে পারে। তবে তার আগে চীনের বৃহৎ বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের সহজ উপায় খুঁজতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজার ধরতে পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের শিল্পে প্রযুক্তি ব্যবহারেও সচেতন হতে হবে ।
সালমান এফ রহমান বলেন, চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। এটি কাজে লাগাতে হবে। বিশ্বের এই দুই বড় অর্থনৈতিক শক্তিশালী দেশ আরও কিভাবে ঘনিষ্ঠ হতে পারে, সে উদ্যোগ নিতে পারে বাংলাদেশ। তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণে যোগাযোগ স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বাংলাদেশকে আরও অনেক বেশি জোর দিতে হবে ।