
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগরের সাবেক সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেন মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খালেদা জিয়া। আজ শুক্রবার এক বাণীতে তিনি এ শোক প্রকাশ করেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
খালেদা জিয়া বলেন, মরহুম কাজী আনোয়ার হোসেন নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম কাজী আনোয়ার হোসেন এলাকার বিএনপি নেতাকর্মী ও জনগণের মধ্যে ছিলেন অত্যন্ত সমাদৃত। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক কাজে তিনি যে অবদান রেখেছেন সে কারণে এলাকাবাসী তাকে বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে। বিএনপি চেয়ারপারসন মরহুম কাজী আনোয়ার হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।