
নিউজ ডেস্ক : আজ শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে বন্ধ হয়ে গেছে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ গ্যাস ইঞ্জিন ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ইউনিট। তিনটি ইউনিট একযোগে বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়ারসহ আশপাশের কয়েকটি জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। ক্রটির বিষয়টি নজরে আসার পর স্থানীয় প্রকৌশলীরা মেরামত শুরু করে দিয়েছেন। বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিড লাইন দিয়ে এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে বলেও তিনি জানান।