
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আজকে ছাত্রলীগকে সারাদেশের ছাত্রসমাজের প্রিয় সংগঠনে রুপ দিতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীদের শুধু নেতা হলেই চলবে না, ভালো ছাত্রও হতে হবে। আগে পড়াশোনা করতে হবে। মেধাবীরাই ছাত্রলীগ করে। ছাত্রলীগ মেধাবীদের সংগঠন। আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় এনামুল হক শামীম আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগ ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থাণ, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আগে জাতির পিতার ভ্যানগার্ড হিসেবে কাজ করতো এখন জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের দাবি নিয়ে কথা বলে। বন্যার সময় মানুষের পাশে দাড়ায় । তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে বলেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের দমন করতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের হাতে বই খাতা তুলে দিয়ে বলেছিলেন বই, খাতা কলম ছাত্রলীগের হাতিয়ার। আজকে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের অর্জনগুলো দেশবাসীকে জানাতে ছাত্রলীগকে ভুমিকা রাখতে হবে।
শামীম বলেন, ছাত্রলীগ হচ্ছে ছাত্রদের প্রিয় সংগঠন। এখানে কোন টেন্ডারবাজ, চাঁদাবাজ অস্ত্রবাজদের জায়গা হবে না। ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীদের মনে রাখতে হবে নিজেদের কর্মকান্ডের কারণে যেন সরকারের অর্জন বিলিন না হয়। নিয়মিত পাঠচক্র ও কর্মশালা করার আহ্বান জানিয়ে ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রলীগকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদেরও সে বিষয়ে জানাতে হবে। এ জন্য প্রয়োজন নিয়মিত পাঠচক্র ও কর্মশালা। মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রলীগকে ভুমিকা রাখতে হবে। ছাত্রলীগের কেউ মাদকে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে । সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। একাদশ নির্বাচনকে সামনে রেখে আমাদের জনগণের কাছে যেতে হবে। এ জন্য ছাত্রলীগের ভুমিকা রয়েছে। বিশেষ অতিথির বক্তৃতায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এই মহাসড়কে আমরা ছাত্রলীগ তার যাত্রী। ছাত্রলীগ আজকে মেধাবীদের সংগঠন। এখানে কোন সন্ত্রাসী, মাদকাক্ত অছাত্রের স্থান নেই। ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মানুষের বিপদে আপদে পাশে দাড়ায়। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আনতে প্রত্যেক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে।