
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শনের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় ভূমি প্রতিমন্ত্রীকে প্রকল্পের বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় ।
প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সেতু সচিবের সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) দৌলতুজ্জামান, টানেল প্রকল্প পরিচালক ইফতেখার কবির, উপ-প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারার ইউএনও গৌতম বাড়ৈ প্রমুখ। গত বছরের ১৪ই অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি শিনপিং। কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই টানেল নির্মাণের কাজ পেয়েছে ।