
নিউজ ডেস্কঃ আগামী ৮ই মার্চ থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। আর ২৩শে এপ্রিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে এনবিআরের বড় আকারের পরামর্শক কমিটির সভা অনুষ্ঠানের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৮ই মার্চ মেট্রোপলিটন চেম্বারসহ ব্যবসায়ীদের কয়েকটি বড় চেম্বারের সঙ্গে আলোচনা করবে এনবিআর । ওই সভায় মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার ও বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি উপস্থিত থাকবেন। ১৪ই মার্চ রপ্তানি প্রক্রিয়াকরণ সংস্থা, অর্থাত্ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বিল্ডসহ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক হবে। ২৩শে মার্চ হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউজ, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ সেবাখাত; ৩০শে মার্চ ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ ও এসএমই ফাউন্ডেশনসহ সেবা খাত; ৩ এপ্রিল অর্থনীতিবিদ ও পেশাজীবী; ৪ এপ্রিল নির্মাণ, অন্যান্য শিল্প ও ব্যবসা খাত এবং রিহ্যাব এবং ৫ই এপ্রিল ইকোনমিক রিপোর্টার্স ফোরামসহ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।
৬ই এপ্রিল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএসহ বন্ড সুবিধাপ্রাপ্ত রপ্তানিখাত; ১০ই এপ্রিল ফরেন ইনভেস্টরস চেম্বার (ফিকি), বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার, উইমেন চেম্বারসহ প্রধান প্রধান চেম্বার; ১১ই এপ্রিল ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রোনিক্স ও পরিবহন খাত; ১৩ই এপ্রিল বিভিন্ন বিভাগের প্রধান প্রধান চেম্বার; ১৭ই এপ্রিল বৃহত্ করদাতা প্রতিষ্ঠান; ১৮ই এপ্রিল কৃষি ও রাসায়নিক খাত; ১৯শে এপ্রিল সিএন্ডএফ এজেন্ট, শিপিং, ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন, হিসাববিদদের দুইটি সংগঠন আইসিএমএবি, আইসিএবিসহ সহায়ক পেশার প্রতিনিধিদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করা হবে। ২০ই এপ্রিল খুলনায় খুলনা চেম্বার; ২৬শে এপ্রিল রাজশাহীতে স্থানীয় ব্যবসায়ী নেতা ও প্রশাসনের কর্মকর্তা, ২৭শে এপ্রিল রংপুরে স্থানীয় চেম্বার ও প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। একই দিনে বরিশাল বিভাগেও একই ধরনের আলোচনা এবং ৪ই মে সিলেট চেম্বার ছাড়াও বিভাগীয় কমিশনার ও ডিসিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে।