
নিউজ ডেস্কঃ চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতি নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় করা রমনা থানার মামলায় প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন সোহেল রানা (৩৫) ও ফিরোজ আলম (২৯)। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী এই দুজনকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান তাঁদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এই চক্র ইতিমধ্যে দুই থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কিয়া ইলেকট্রো হোম অ্যাপলায়েন্স নামের অস্তিত্বহীন কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছে এই চক্র। চক্রের সদস্যরা ‘পেনশন স্কিমের’ নাম করে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে থাকে। তারা কোম্পানির পরিচালক, মহাব্যবস্থাপকসহ লোভনীয় পদে নিয়োগও দিয়ে থাকে। চাকরিতে যোগদানের ১৫ থেকে ৩০ দিনের মাথায় অফিস গুটিয়ে পালিয়ে যান চক্রের সদস্যরা।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক নৌবাহিনীর সাবেক একজন কর্মকর্তা বলেন, তাঁকে কোম্পানির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। পেনশন স্কিমের নামে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নেওয়া হয়। নিয়োগপত্র দেওয়ার ১৫ দিনের মাথায় কোম্পানির অফিস বন্ধ করে উধাও হয়ে যান চক্রের সদস্যরা। গত বছরের ২৮ ডিসেম্বর করা মামলার প্রধান আসামি করা হয়েছে কিয়া ইলেকট্রো হোম অ্যাপলায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মিয়াকে। এ ছাড়া কিয়ার সিইও এম এ শিবলী আহমেদ, কানিজ ফাতিমা, তিশা, জমাদার সগীর, বেগ লিয়াকত আলী ও সোহেল রানাকে আসামি করা হয়।
মামলার এজাহারের বক্তব্য অনুযায়ী, রজব আলী নামের এক চাকরিপ্রার্থীর কাছ থেকে তিন লাখ, লুৎফুর রহমান চৌধুরীর কাছ থেকে পাঁচ লাখ, এম এ কুদ্দুস চৌধুরীর কাছ থেকে এক লাখ, কামরুল হকের কাছ থেকে দুই লাখ, আকবর হোসেনের কাছ থেকে ৫০ হাজার, এমদাদের কাছ থেকে পাঁচ লাখ, ওমর ফারুকের কাছ থেকে তিন লাখ, মাহাবুবুর রহমানের কাছ থেকে ছয় লাখ, জাহাঙ্গীর আলম খানের কাছ থেকে তিন লাখ টাকা পেনশন স্কিমের নামে হাতিয়ে নিয়েছে এই চক্র। এ মামলায় ৩৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ রয়েছে।
তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলছেন, গত বছরের ২৬ জুলাই একটি জাতীয় পত্রিকায় কিয়া ইলেকট্রো হোম অ্যাপলায়েন্স নামের কোম্পানিতে পরিচালক, মহাব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। এই বিজ্ঞাপন দেখে নৌবাহিনীর সাবেক কমান্ডার, ক্যাপ্টেনসহ সাবেক সরকারি কর্মকর্তারা পেনশন স্কিমের নামে টাকা জমা দেন। প্রতারক চক্রের সব সদস্যের বয়স ৪০-এর নিচে হলেও চাকরিপ্রার্থীদের সবার বয়স ৫০-এর ওপরে। পুলিশ বলছে, প্রতারক চক্রের প্রধান শাহজাহান মিয়ার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। বাবার নাম আসাদ মিয়া।