News71.com
 Bangladesh
 01 Mar 17, 09:18 PM
 283           
 0
 01 Mar 17, 09:18 PM

সরকার স্বল্প আয়ের মানুষের জন্য ৪,৪১১টি ফ্ল্যাট নির্মাণ করছে ।। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

সরকার স্বল্প আয়ের মানুষের জন্য ৪,৪১১টি ফ্ল্যাট নির্মাণ করছে ।। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্প আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ৪৯৪টি আবাসন প্লট এবং ৪ হাজার ৪১১টি ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম গ্রহণ করেছে। তিনি আরো বলেন, দেশের ১৮টি জেলায় ৪৫টি প্রকল্পের মাধ্যমে এসব প্লট ও ফ্ল্যাট নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে। আজ বুধবার সংসদে প্রধানমন্ত্রী তার নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রজাতন্ত্রের কর্মচারিদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমানে বিদ্যমান আবাসন সুবিধা ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশে উন্নীত করেছে। দেশের প্রজাতন্ত্রের কর্মচারিদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকার লালমাটিয়া ও মিরপুরে পরিকল্পিত ৯০২টি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ প্রাপ্তদের কাছে হন্তান্তর করা হয়েছে। ঢাকার লালমাটিয়ায় ১৫৩টি, মিরপুর ১৫ নম্বর সেকশনে ৫২০টি, ৯ নম্বর সেকশনে ১ হাজার ৪০টি এবং মোহাম্মদপুরে ৯০০টিসহ বিভিন্ন আয়তনের আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ প্রদান করা হয়েছে।

তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তর বর্তমানে ৪ হাজার ৭২৪টি ফ্ল্যাট নির্মাণ কার্যক্রম গ্রহণ করেছে। সকল শ্রেণির কর্মচারিদের জন্য এ সকল আবাসিক ফ্ল্যাট নির্মিত হচ্ছে এবং এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের জন্য শেরেবাংলা নগরে বহুতল বিশিষ্ট ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করছে। এ প্রকল্পের আওতায় ৮টি ১৬ তলা ভবনে বিভিন্ন আয়তনের ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের কাজ ৯৮ শতাংশ সমাপ্ত হয়েছে। শেখ হাসিনা বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ১টি ২০ তলা ভবনে ৩ হাজার ৫০০ বর্গফুট আয়তনের ৭৬টি ফ্লাট নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার আজিমপুরে সরকারি কলোনীতে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ। এ প্রকল্পের আওতায় ৬টি ২০তলা ভবনে ৪৫৬টি এবং ৪টি ২০তলা ভবনে ৫৩২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

তিনি বলেন, ঢাকার মিরপুরে ৬ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১ হাজার ৬৪টি আবাসিক ফ্ল্যাট, ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬০৮টি আবাসিক ফ্ল্যাট, মিরপুর ৬ নম্বর সেকশনে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট, ঢাকার বেইলী রোডে মন্ত্রীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ১টি ৬ তলা ভবনে ৫ হাজার ৬৩৩ বর্গফুট আয়তনের ১০টি ফ্ল্যাট নির্মিত হবে। প্রধানমন্ত্রী বলেন, ইস্কাটনে সিনিয়র সচিব/সচিব/গ্রেড-১ কর্মকর্তাদের জন্য ৩টি ২০তলা ভবনে ১১৪টি ফ্ল্যাট, ঢাকার মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬টি ফ্ল্যাট, নারায়ণগঞ্জস্থ আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮টি ১৫তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, এছাড়া সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সংকট নিরসনে সরকারি অব্যবহৃত জমিতে ও পরিত্যক্ত ভবনের স্থলে স্বল্পমেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আরো অধিকসংখ্যক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় সরকারি কর্মকর্তাদের জন্য ১ হাজার ২৪৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প সরকারি অর্থায়নে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন