
নিউজ ডেস্কঃ সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আটক জেএমবির ৪ নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জেএমবির ৪ নারী সদস্যকে হাজির করে পুলিশ। এসময় তাদের উপস্থিতিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক জাফরোল হাসান।
জেএমবির সদস্যরা হলেন- সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (১৯) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩শে জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ জেএমবি’ ৪ নারী সদস্যকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার এই মামলায় ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।