News71.com
 Bangladesh
 01 Mar 17, 08:31 PM
 243           
 0
 01 Mar 17, 08:31 PM

ত্বকী হত্যার সুষ্ঠ বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়ে দেশের ২১ বিশিষ্ট ব্যক্তিদের বিবৃতি ।।

ত্বকী হত্যার সুষ্ঠ বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়ে দেশের ২১ বিশিষ্ট ব্যক্তিদের বিবৃতি ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সুষ্ঠ বিচারে প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়ে দেশের ২১ বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন। আজ বুধবার দুপুরে তারা এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ভাষাসৈনিক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক যতীন সরকার, বদিউল আলম মজুমদার, অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক শান্তনু কায়সার, ভাষা ও সাহিত্য গবেষক সফিউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, ড. মালেকা বেগম, অধ্যাপক শফি আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, নারীনেত্রী আয়েশা খানম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক এম এম আকাশ ও অধ্যাপক আনু মুহাম্মদ ।

বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা উল্লেখ করেন, ‘নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয় ৬ই মার্চ ২০১৩। এ হত্যাকাণ্ডের ৪ বছরেও মামলার অভিযোগপত্র না দেওয়ায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ। সংবাদমাধ্যমে আমরা জেনেছি, এ হত্যার সঙ্গে জড়িত একাধিক ঘাতক ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে হত্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছে। তারা আরো বলেন, ৩ বছর আগে এ হত্যার তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হত্যার বিস্তারিত বিবরণ দিয়ে উপস্থিত সংবাদকর্মীদের একটি খসড়া অভিযোগপত্র প্রদান করেছে। কিন্তু অদ্যাবধি সে অভিযোগপত্র আদালতে পেশ করা হয়নি। আমরা দ্রুত অভিযোগপত্র প্রদানের জন্য ও এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করার জন্য প্রজাতন্ত্রের নির্বাহী প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে নির্দেশ প্রদানের জন্য আবেদন জানাচ্ছি । ’

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ই মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। এরপরে ৮ই মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে এ হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়। বর্তমানে এ মামলায় গ্রেপ্তার ভ্রমর, জ্যাকি ও লিটন জামিনে মুক্ত রয়েছেন। ভ্রমর জামিন পেয়ে দেশের বাইরে পালিয়ে গেছেন। অপরদিকে ত্বকী হত্যার বিচারের দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ নানা কর্মসূচি পালন করে আসছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন