News71.com
 Bangladesh
 01 Mar 17, 07:18 PM
 240           
 0
 01 Mar 17, 07:18 PM

সরকারের সাথে ফলপ্রসূ আলোচনার পর ঢাকাসহ সারাদেশে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে.....

সরকারের সাথে ফলপ্রসূ আলোচনার পর ঢাকাসহ সারাদেশে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে.....

নিউজ ডেস্ক : প্রায় দু’দিনের চরম দুর্ভোগ ও ভোগান্তির পর অবশেষে ঢাকাসহ সারাদেশে স্বাভাবিক হতে শুরু করেছে । শুরু হয়েছে যাত্রীবাহী বাস-মিনিবাসসহ সব রকমের যানবাহন চলাচল। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ‘কর্মবিরতিতে’ যাওয়া পরিবহন শ্রমিকদের যানবাহন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানানোর পর রাজধানীসহ দেশের জাতীয় ও আঞ্চলিক সড়কে সব রকমের গাড়ি চলাচল শুরু হওয়ার খবর আসছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিক থেকে স্বাভাবিক হতে শুরু করে যানবাহন চলাচল। এর আগে, দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ‘কর্মবিরতি’ প্রত্যাহার করে তাদের যানবাহন চলাচল স্বাভাবিক করার আহ্বান জানান।

এ বিষয়ে ঢাকা জেলা বাসচালক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছন আমরা নৌপরিবহনমন্ত্রীর কথা শুনেছি। পরিবহন অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা মেনে নিয়েছি। গাড়ি বের করার জন্য বাস টার্মিনালে মাইকিং করা হয়েছে। এখন সব জায়গায় গাড়ি বের করার জন্য নির্দেশনা দিচ্ছি। উল্লেখ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার মামলায় ঘাতক বাসের চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কোনো রকম ঘোষণা ছাড়াই গতাকাল মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। এই ধর্মঘট পালনের শুরু থেকেই গাবতলীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। রাতে কয়েক দফায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়ায় তারা।

এরপর সেই ধর্মঘট বুধবার সকাল থেকেও চলতে থাকে। এ দিন সকালেই গাবতলীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বড় ধরনের সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকরা। এসময় শাহ আলম নামে একজন শ্রমিক নিহতও হন। এই অচলাবস্থা নিরসনে দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে তার কার্যালয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ সংশ্লিষ্টরা বৈঠক করেন। সেখানে আলোচনার পর ‘কর্মবিরতি’ তুলে নেওয়ার ‘নীতিগত সিদ্ধান্ত’ হয়। পরে পরিবহন সমিতির মতিঝিল কার্যালয়ে প্রেস ব্রিফিং করে নৌপরিবহনমন্ত্রী ‘কর্মবিরতি’ প্রত্যাহারের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান। তার আহ্বানের পরপরই যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন