News71.com
 Bangladesh
 01 Mar 17, 06:17 PM
 196           
 0
 01 Mar 17, 06:17 PM

সিলেটের কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার আদালত পরিবর্তন।।

সিলেটের কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার আদালত পরিবর্তন।।

নিউজ ডেস্কঃ সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলার আদালত পরিবর্তন হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত আদেশ দিয়েছেন আদালত। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে আজ এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আবেদন করেন। শুনানি শেষে মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান আদালত স্থানান্তরের আবেদন মঞ্জুর করেন তিনি। ফলে আজ এই মামলায় যুক্তিতর্ক হয়নি। মামলার যাবতীয় নথি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। এই আদালতে ৫ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বলেন, ৫ মার্চ ধার্য তারিখে এই মামলার যুক্তিতর্ক হওয়ার কথা রয়েছে। ওই দিন যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার তারিখ ধার্য হতে পারে।

গত ২৬ ফেব্রুয়ারি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন খাদিজা। তাঁর সাক্ষ্যের মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর ১ মার্চ (আজ) যুক্তিতর্কের তারিখ ধার্য করেন আদালত। গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি (পাস) পরীক্ষার্থী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র বদরুল আলম।

ঘটনার পরপরই উপস্থিত লোকজন ছাত্রলীগ নেতা বদরুলকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ৪ অক্টোবর বদরুলকে একমাত্র আসামি করে খাদিজার চাচা আবদুল কুদ্দুস মামলা করেন। পরবর্তীদের ৫ অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে বদরুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ঢাকায় দীর্ঘ চিকিৎসার পর গত শুক্রবার সিলেটে নিজ বাড়িতে ফেরেন খাদিজা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন