News71.com
 Bangladesh
 28 Feb 17, 09:29 PM
 262           
 0
 28 Feb 17, 09:29 PM

নিম্ন আদালতের জমি দখলের চেষ্টায় লিপ্ত প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপ্রিমকোর্টের নির্দেশ ।।

নিম্ন আদালতের জমি দখলের চেষ্টায় লিপ্ত প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপ্রিমকোর্টের নির্দেশ ।।

নিউজ ডেস্কঃ নিম্ন আদালতের জমি দখলের চেষ্টায় লিপ্ত প্রভাবশালী মহলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা জজদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই নির্দেশে বলা হয়েছে, সারা দেশের অধস্তন আদালতসূমহের মালিকানাধীন জমি প্রভাবশালী কিছু মহল দখল করেছে এবং দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আদালতের মালিকানাধীন জমি বেদখল হওয়া বা বেদখলের অপপ্রয়াস বিদ্যমান থাকা সত্ত্বেও এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা সুপ্রিম কোর্টকে অবহিত করছেন না জেলা জজরা। যা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এজন্য জমি দখল সংক্রান্ত অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে তা সুপ্রিম কোর্টকে অবহিত করতে জেলা জজদের নির্দেশনা দিয়ে এক সার্কুলার জারি করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন এ সার্কুলার জারি করেন। জারিকৃত সার্কুলার সকল জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে বিচার বিভাগের বিদ্যমান মামলার সংখ্যা ও জনবল বিবেচনায় আদালতের স্থান স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। অধিকন্তু নিম্ন আদালতের মালিকানাধীন যে জমি রয়েছে তার অতিরিক্ত সরকারি জমি ভবিষ্যতে বরাদ্দ পাওয়া সময় সাপেক্ষ ও দূরূহ বটে।

এ কারণে নিম্ন আদালতের মালিকানাধীন বেদখলীয় জমি দখল পুনরুদ্ধারসহ আদালতের জমি দখল চেষ্টায় লিপ্ত প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক। এমতাবস্থায় আদালতের জমি সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে সুরক্ষিত রাখা এবং বেদখলীয় জমির দখল পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হলো। একইসাথে আদালতের জমি সংক্রান্ত নথিপত্র সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন