
নিউজ ডেস্কঃ ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া শিশুসহ ৩ বাংলাদেশিকে আজ মঙ্গলবার দুপুরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসা বাংলাদেশিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের রমেছা খাতুন (৩০), বগুড়ার পুকুরপোতা গ্রামের সারমিনা খাতুন (২২) তার মেয়ে ফারজানা খাতুন (৪)। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান,২ বছর আগে পাচারকারীদের খপ্পড়ে পড়ে ভাল চাকুরির আশায় তারা সীমান্ত পথে ভারতে যায়।
সেখানে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে তাদের অদালতে সোপর্দ করে ভারতীয় পুলিশ। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের কাছে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। ফেরত আসা ৩ জনকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।