
নিউজ ডেস্কঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের ৩নং ওয়ার্ডের ঘরামী বাড়ি গ্যাস সিলিন্ডার থেকে অগুনের ঘটনায় ৫টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় ২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ।
স্থানীয় ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, হানিফ ঘরামীর ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই বাড়ির বাসিন্দা শিক্ষক মো. ওমর ফারুক জানান, আজ মঙ্গলবার হাটের দিন থাকায় পুরুষরা সবাই নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে ছিলেন। আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর ২টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভাণ্ডারিয়ার ইউএনও এবং পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন ।