News71.com
 Bangladesh
 27 Feb 17, 11:40 PM
 222           
 0
 27 Feb 17, 11:40 PM

উড়ন্ত অবস্থায় হেলিকপ্টারের জানালা ভেঙে ঢুকল পাখি  ।।

উড়ন্ত অবস্থায় হেলিকপ্টারের জানালা ভেঙে ঢুকল পাখি  ।।

নিউজ ডেস্কঃ উড়ন্ত অবস্থায় জানালা ভেঙে পাখি ঢুকে পড়ায় কিশোরগঞ্জের বাজিতপুরে পাঁচ বিদেশি নাগরিকসহ সাত যাত্রী বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে আজ সোমবার দুপুর ১২টার দিকে বাজিতপুরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেসরকারি কোম্পানি মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে ডেনমার্কের দুজন, কোরিয়ার দুজন এবং ইতালির এক নাগরিকসহ সাতজনকে নিয়ে সিলেট যাচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ করে সামনের জানালার কাচ ভেঙে হেলিকপ্টারের ভেতরে একটি উড়ন্ত পাখি ঢুকে পড়ে। তাঁরা বেঙ্গল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে যাচ্ছিলেন। এ অবস্থায় পাইলট বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মীরারকান্দি বোর্ডবাজার এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেন। ঘটনার পরপরই পুলিশ বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থল ঘিরে রাখে।

এ ঘটনার আড়াই ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে সেই পাঁচ বিদেশি পর্যটক যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে যান। ঢাকা থেকে আসা একই কোম্পানির অপর দুটি হেলিকপ্টারে বিদেশি নাগরিকদের ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে জরুরি অবতরণ করা হেলিকপ্টারটিও ঢাকায় ফিরে যায়। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুরের দিকে হঠাৎ সামনের জানালার কাচ ভেঙে হেলিকপ্টারে একটি পাখি ঢুকে পড়ে। এ অবস্থায় পাইলট মীরারকান্দি এলাকার একটি মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করান। পরে ঢাকা থেকে হেলিকপ্টার এসে তাঁদের আবার ফেরত নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন