
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আজ সোমবার ধারালো অস্ত্রের আঘাতে শুকুর আলী (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাতে সাতজনকে আটক করেছে পুলিশ।
শুকুর আলী জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের মজর আলীর ছেলে। সে স্থানীয় কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ছাত্র ছিল। মজর আলী জানান, আজ সোমবার বিকেল চারটার দিকে গ্রামের পাশের হাওরে ছেলেকে আহত অবস্থায় পান তাঁরা। তার গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মজর আলীর অভিযোগ, গ্রামের একটি পক্ষের সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। এর জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাঁর ছেলেকে হত্যা করেছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরসালিন রাত সাড়ে নয়টায় বলেন, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুকুর আলীর গলায় ধারালো বস্তুর দুটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় রাতে সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনো মামলা হয়নি।