News71.com
 Bangladesh
 27 Feb 17, 09:55 PM
 201           
 0
 27 Feb 17, 09:55 PM

আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে ।। সংসদে ওবায়দুল কাদের   

আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে ।। সংসদে ওবায়দুল কাদের   

 

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সরকারি দলের সদস্য এনামুল হকের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দূরপাল্লার রুটে বিআরটিসির বিভিন্ন ধরনের বাস চালু রয়েছে। বর্তমানে ১৩৯টি রুটে ৩২৮টি বাস চলাচল করছে। দূরপাল্লার রুটে বিআরটিসির আরও বাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, নতুন ৬০০টি বাস আমদানি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব বাস আমদানি করার পর দূরপাল্লার রুটে বাস বৃদ্ধি করা হবে।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরানো পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিআরটিএ’র উদ্যোগে পেশাজীবী গাড়ি চালককে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও সচেতনতামূলক বিষয়ে নিয়মিতভাবে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

ওবায়দুল বলেন, যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর জন্য জাল বা ভুয়া ড্রাইভিং লাইসেন্সধারী গাড়িচালক, যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রংচটা, চলটা উঠা, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে বিআরটিএ এবং ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন