News71.com
 Bangladesh
 27 Feb 17, 09:55 PM
 217           
 0
 27 Feb 17, 09:55 PM

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বাম দলগুলোর ডাকে হরতাল  

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বাম দলগুলোর ডাকে হরতাল   

 

নিউজ ডেস্কঃ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগরে আধা  বেলা হরতাল পালন করবে কয়েকটি বাম দল। দুপুর ১২টা পর্যন্ত সব কাজ বন্ধ রেখে এই হরতালে শামিল হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাম নেতারা। তবে হরতালে এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার সব কাজ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজ হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন এই হরতালের ডাক দিয়েছে।

এদিকে আজ সোমবার রাজধানীর পল্টনে নির্মল সেন মিলনায়তনে হরতালের সমর্থনে গণতান্ত্রিক বাম মোর্চা এক সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য দেন মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ। বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু। জোনায়েদ সাকি বলেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর মাধ্যমে পকেট মারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে হরতাল আহ্বানের জন্য রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, সরকার জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় আসে লুটেরাদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে।এদিকে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালের প্রচারণার সময় গণতান্ত্রিক বাম মোর্চা কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। মোর্চা নেতৃবৃন্দ ওই হামলার জন্য যুবলীগকে দায়ী করেছেন। পিকআপ ভ্যানে প্রচারণা করার সময় মিরপুরে টোলারবাগে যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে জানান তাঁরা। হামলায় গণসংহতি আন্দোলনের কর্মী এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা ইমরান হোসেন, ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হোসেন রিয়াদসহ ৪ জন নেতা-কর্মী আহত এবং লাঞ্ছিত হন হয়েছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন