
নিউজ ডেস্কঃ আগুন ঝরা রোদের তীব্র উত্তাপ উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় স্কুলড্রেস পড়া তিন শতাধিক ক্ষুদে ভোটার। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে তাদের ভোটেই নির্বাচিত হবে নেতা। বিদ্যালয় ভবনের একটি কক্ষের দুইটি বুথে চলে ভোট গ্রহণ। শিক্ষার্থীদের মধ্যে থেকেই নির্বাচন পরিচালনায় রাখা হয় নির্বাচন কমিশন, প্রিজাইডিং-পোলিং অফিসার ও এজেন্ট। বিশৃঙ্খলা এড়াতে রয়েছে আনসার, স্বেচ্ছাসেবী ও পুলিশ। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ নির্বাচনকে ঘিরেই এতো আয়োজন। কোমলমতি শিক্ষার্থীরাই বিভিন্ন ভূমিকায় এসব দায়িত্ব পালন করে।
আজ সোমবার সরেজমিনে এমন চিত্রই দেখা গেছে টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন জানান, ছোট থেকেই শিশুদের মধ্যে জয়-পরাজয় মেনে নেওয়ার মনোভাব তৈরি হবে। শিশুদের ভেতর গণতন্ত্রের চর্চা বিকশিত, নেতৃত্ব গঠন ও নির্বাচন সম্পর্কে ধারণা সৃষ্টি করতেই প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের এ ভোট নেয়া হচ্ছে।
জানা গেছে, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০৭জন শিক্ষার্থী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ১১জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে ছাত্র ভোটার ২০৯জন ও ছাত্রী ভোটার ১৯৮জন। এদের মধ্যে ৭জন বিজয়ী হয়েছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, মাঠে ক্ষুদে শিক্ষার্থীরা ভোট দেয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কক্ষের ভেতরে প্রিসাইডিং অফিসার, পোলিং ও পোলিং এজেন্ট ভোট গ্রহণের দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে ক্লাব-স্কাউটিংয়ের দল। সকলেই ক্ষুদে শিক্ষার্থী। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ছাত্রদের মধ্য থেকে একজন নির্বাচন কমিশনের দায়িত্বও পালন করছে। কোন রকম বিশৃংখলা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত একাধিক শিশু শিক্ষার্থী ও ভোটাররা জানায়, ভোট কি এবং কিভাবে ভোট দিতে হয় সেটা এই নির্বাচনের মাধ্যমে দেখলাম এবং ভোটাধিকার প্রয়োগ করলাম। এতে জয়-পরাজয় মেনে নেয়ার মনসিকতা তৈরি হবে।