
নিউজ ডেস্কঃ এমপি মঞ্জুরুল ইলসাম লিটন হত্যায় ব্যবহৃত ২টি পিস্তুল ও উদ্ধারকৃত আলামত ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এমপি লিটন হত্যার পরে হত্যার মোটিভসহ প্রকৃত খুনীদের গ্রেফতারের জন্য পুলিশ, র্যাব, বিজিবি, পিবিআইসহ দেশের সর্ব্বোচ পর্যায়ের গোয়েন্দা সংস্থা মরিয়া হয়ে মাঠে নামেন। তারা খুনের মোটিভ ও প্রকৃত খুনীদের শনাক্ত করতে গিয়ে দীর্ঘ দেড়মাস চেষ্টা চালালেও হতাশ হয় । এদিকে এমপি লিটন খুন হওয়ার এক মাস আগে ধোপাডাঙ্গার নতুন বাজার এলাকায় গাইবান্ধা ডিগ্রী কলেজের শেষ বর্ষের ছাত্র ফাহিম মিয়ার কাছে থাকা এক্সপ্লোরার-৬০ মডেলের মোবাইল ছিনতাই হয়। এসময় ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি পিস্তুলের ম্যাগজিনের সূত্র ধরে গোয়েন্দা সংস্থা এগুতে থাকে। একপর্যায়ে গোয়েন্দা সংস্থা মোবাইল ট্র্যাকিং করাসহ কোন পিস্তুলের ম্যাগজিন তা তালাশ করতে মরিয়া হয়ে উঠে। এমপি লিটন হত্যার ব্যবহৃত বুলেটের খোসার সাথে উদ্ধারকৃত ম্যাগজিনটির সাদৃশ্য খুঁজে পায় গোয়েন্দরা। এরই সূত্র ধরে তদন্ত অব্যাহত রাখার দীর্ঘ দেড় মাস পর গোয়েন্দারা নিশ্চিত হয় ম্যাগজিনটি হত্যার মূল পরিকল্পনাকারী ও কিলারদের অর্থ যোগানদাতা জাতীয় পার্টি (এ) এর সাবেক এমপি কর্নেল (অব.) ডাক্তার আব্দুল কাদের খানের ব্যবহৃত পিস্তুলের। পরে পিস্তুলটি জব্দ করে পুলিশ ।
কাদের খানের কেয়ারটেকার শামীম মন্ডল, কিলার শাহীন, রানা, মেহেদী ও কাদের খানের গাড়ী চালক হান্নানকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাদের খানকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কাদেরকে ১০ দিনের রিমান্ড নিলে তার স্বীকারোক্তিতে ছাপড়হাটী ইউনিয়নের নিভৃত পল্লী পশ্চিম ছাপড়হাটী খানপাড়া গ্রামের বাড়ির (কাদের খানের) ভিতর উঠানের আম গাছ সংলগ্ন মাটির নিচ থেকে অপর একটি পিস্তুল, ৬ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ কিছু আলমত পুলিশ উদ্ধার করে। উদ্ধারকৃত ২টি পিস্তুল, ম্যাগজিন, গুলি, গুলির খোসাসহ আলামতগুলো ডিএনএ পরীক্ষার জন্য আজ সোমবার ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানায়- গ্রেফতারকৃত খুনী ও খুনের পরিকল্পনাকারী কাদের খানসহ অপর ৪ জনের স্বীকারোক্তি মোতাবেক এমপি লিটনকে হত্যার সময় ৩টি পিস্তুল ব্যবহৃত হয়েছিল। ইতোমধ্যে ২টি উদ্ধার করা হয়েছে। অপরটি উদ্ধারের জন্য বিভিন্ন ভাবে তল্লাশি অভিযান অব্যাহত আছে।প্রসঙ্গত, থারটি ফাস্ট নাইট থাকায় গত ৩১শে ডিসেম্বর দিনের বেলা এমপি লিটনের ঢাকায় যাবার কথা ছিল। বিমানের টিকিট না পাওয়ার কারণে তিনি ওইদিন ঢাকায় যেতে পারেননি। এ সুযোগ নিয়ে খুনিরা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার ও অন্যান্য অনুসারীদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় লিটনকে তার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে গুলি করে হত্যা করে ।