
নিউজ ডেস্কঃ গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের নামে একটি শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দিয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লতিফুর রহমানের নামেও পৃথক আরেকটি শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দুটি বৃত্তিই দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা বিভাগের শিক্ষার্থীদের জন্য। আজ সোমবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘সফল উদ্যোক্তা’ মতবিনিময় বা ধারাবাহিক লেকচার অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে রাজধানীর সোবহানবাগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হলভর্তি শিক্ষার্থী, শিক্ষকদের সামনে নিজের ব্যবসায়িক সাফল্য ও উদ্যোক্তা হওয়ার গল্প শোনান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। এ সময় উদ্যোক্তা হওয়ার জন্য করণীয়, ব্যবসায়িক নীতি-নৈতিকতা ও পরিকল্পনাসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের কৌতূহলী প্রশ্নেরও খোলামেলা জবাব দেন লতিফুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, দুটি শিক্ষাবৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুজন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ দেবে। বৃত্তিপ্রাপ্ত দুজনের ইন্টার্নশিপের প্রয়োজন হলে তাঁরা ট্রান্সকম গ্রুপে তা করার সুযোগ পেতে পারেন। এ ছাড়া শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানের কাছে কিছু জানার প্রয়োজন হলে তাঁর সঙ্গে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাক্ষাতের সুযোগ পাবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা ফারাজের একটি স্কেচ লতিফুর রহমানকে উপহার দেওয়া হয়। তুলে ধরা হয় বন্ধুর জন্য ফারাজের প্রাণ বিসর্জনের অনন্য উদাহরণের কথা।
সফল উদ্যোক্তা হিসেবে নিজের ও প্রতিষ্ঠানের সফলতার গল্পটিও লতিফুর রহমান শুরু করেন ফারাজের কীর্তির কথা স্মরণ করে। এ সময় তিনি বলেন, ‘দেশে-বিদেশে এখন অনেকে আমাকে ফারাজের নানা হিসেবে চেনেন। এটা আমার জন্য অত্যন্ত গর্বের।’ সফল প্রতিষ্ঠান তৈরি করতে হলে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের প্রতিযোগিতামূলক আর্থিক স্বাচ্ছন্দ্যের পাশাপাশি যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিশ্চিত করার ওপর জোর দেন লতিফুর রহমান। এ সময় তিনি বলেন, ‘প্রতিষ্ঠানে যাঁরা কাজ করেন, তাঁরা প্রত্যেকেই একেকজন উদ্যোক্তা।
কারণ, প্রতিদিনই তাঁরা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন বা উদ্যোগ নিচ্ছেন এবং সেটির বাস্তবায়ন করছেন। যিনি অর্থ লগ্নি করবেন, তিনিই কেবল উদ্যোক্তা—এ ধারণা সঠিক নয়। প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মালিক-শ্রমিকের ভেদাভেদ করা হলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে নিজেকে আমি কখনো প্রতিষ্ঠানের মালিক মনে করি না। মালিক শব্দটিও ব্যবহার করি না।’ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার (আইআইসি) প্রায় এক বছর ধরে নিয়মিতভাবে দেশের সফল উদ্যোক্তাদের নিয়ে লেকচার সিরিজের আয়োজন করে আসছে। আজ ছিল এটির অষ্টম আয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান, উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেনসহ ট্রান্সকম গ্রুপের একাধিক পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।