
নিউজ ডেস্কঃ নতুন নির্বাচন কমিশনও (ইসি) রক্তাক্ত পথে হাঁটতে শুরু করেছে। এমন অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনও আগের নির্বাচন কমিশনের মতো ‘চোখ থাকিতে অন্ধ’। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই কথা বলেন। এ সময় রিজভী বলেন, নতুন সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) যে বড় বড় বুলি ছেড়েছেন, তা বাস্তবায়নের সম্পূর্ণ উল্টো চিত্রই দেশবাসী দেখেছে। গতকাল সিলেটের ওসমানীনগরে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। উল্লেখ্য গতকাল রোববার সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচন হবে আগামী ৬ মার্চ।
সংবাদ ব্রিফিংয়ে আগামী ৬ মার্চের নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া, পাবনাসহ বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থীদের প্রচারে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এসব বিষয়ে স্থানীয় নির্বাচন কমিশনে অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীনদের সঙ্গে বর্তমান সিইসির কানেকশন সম্পর্কে আমরা যা বলেছি, তা অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। সুতরাং, পরবর্তী জাতীয় নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে সিইসির যে মধুর কানেকশনের প্রতিফলন ঘটবে, তা বলার অপেক্ষা রাখে না।