News71.com
 Bangladesh
 27 Feb 17, 11:05 AM
 257           
 0
 27 Feb 17, 11:05 AM

গাইবান্ধার সাংসদ লিটনের হত্যাকারী এমপি কাদের খানের বাড়ির কেয়ারটেকার গ্রেপ্তার।।

গাইবান্ধার সাংসদ লিটনের হত্যাকারী এমপি কাদের খানের বাড়ির কেয়ারটেকার গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আবদুল কাদের খানের বাড়ির তত্ত্বাবধায়ক শামীম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, সাংসদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে শামীম মণ্ডলকে গত শনিবার ভোরে সুন্দরগঞ্জের ছাপরহাটি ইউনিয়নের মণ্ডলের হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

অবশ্য শামীমের বাবা মহর আলী মণ্ডল শনিবার বলেছিলেন, তাঁর ছেলেকে ১৫ ফেব্রুয়ারি মণ্ডলেরহাট এলাকা থেকে পুলিশ তুলে নিয়ে যায়। এরপর সুন্দরগঞ্জ থানা ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েও ছেলের কোনো খোঁজ পাননি তিনি। এদিকে সাংসদ হত্যা মামলার ঘটনার রহস্য উন্মোচন করায় গতকাল রোববার বিকেলে গাইবান্ধা জেলা পুলিশকে অভিনন্দন জানাতে পুলিশ সুপারের কার্যালয়ে তারা নিজেরাই এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতারা বক্তব্য দেন। তাঁরা পুলিশকে অভিনন্দন জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাইবান্ধা সদর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এ মেহেদী হাসান। তিনি বলেন, সাংসদ হত্যার রহস্য উন্মোচন করায় অনেকেই ব্যক্তিগতভাবে পুলিশকে অভিনন্দন জানাতে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। তাই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অভিনন্দন গ্রহণ করার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, সাংসদকে হত্যার পর আইজিপির নেতৃত্বে মামলার সুরাহা করার শপথ নিয়েছিলেন তাঁরা। দেশের ১৬ কোটি মানুষের দোয়া এবং সর্বস্তরের মানুষের আশীর্বাদে তাঁরা সফল হয়েছেন। এটা তাঁদের গৌরবের বিষয়, মর্যাদার বিষয় এবং এটা তাঁদের মাথাকে অনেক উঁচু করেছে। তিনি বলেন, পুলিশ এই ঘটনা ধৈর্যসহকারে মোকাবিলা করেছে। পুলিশ জানে কীভাবে ধৈর্য ধারণ করতে হয়। কীভাবে অপরাধীদের শনাক্ত করতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন