
নিউজ ডেস্কঃ বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ত করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে এই সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, রোহিঙ্গা সমস্যাটির উৎপত্তি মিয়ানমারের অভ্যন্তরে এবং মিয়ানমার সরকারকেই এর সমাধান করতে হবে।
এ ছাড়া রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে নেওয়ার সরকারের পরিকল্পনার প্রতি সমর্থন জানানো হয় এবং ‘ঠেঙ্গারচর বসবাসের উপযুক্ত নয় মর্মে এবং রোহিঙ্গাদের বিরানভূমিতে বাসের অযোগ্য স্থানে স্থানান্তর করার অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ’ ইত্যাদি নেতিবাচক প্রচারণার নিন্দা জানানো হয়।
কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, রাজী মোহাম্মদ ফখরুল এবং সেলিম উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।