
নিউজ ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশের উপর বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ১৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলালসহ ৫ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ২৩৯ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো ২শ থেকে ৩শ জনকে আসামী করা হয়েছে বলে জানায় পুলিশ। গত শনিবার রাতে কেন্দুয়া থানার এসআই গোপাল কৃষ্ণ দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় গতকাল রবিবার পর্যন্ত অনন্ত অর্ধশত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন ছাড়াও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে কেন্দুয়া-আটপাড়া আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী, ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে কর্মীসভার আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সভা বন্ধের নির্দেশ দেয়। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের নির্দেশ মানেননি। এরই প্রেক্ষিতে পুলিশ সমাবেশে বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়।
এতে কেন্দুয়া থানা পুলিশের ৫ জন এসআইসহ ১৩ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ঘটনাস্থলে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হিলালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।