
নিউজ ডেস্কঃ রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার বেলা সোয়া ৬টায় কমলাপুর রেল স্টেশনে থাকা একটি বগিতে (বগি নম্বর ৮৫০২) আগুনের সুত্রপাত হয়। প্রথমে স্টেশনের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। ফায়ার সার্ভিস ও স্টেশন কর্তৃপক্ষ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি ।
রেল পুলিশের একজন সদস্য জানান, যে বগিতে আগুন লেগেছে সেটি কমলাপুর রেল স্টেশন ফুটওভার ব্রিজের পাশেই ছিলো। ধারণা করা হচ্ছে ফুটওভার ব্রিজ দিয়ে চলাচলের সময় কেউ জ্বলন্ত সিগারেটের উচ্ছিষ্ট অংশ ফেলার কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। অপর একটি সুত্র বলছে, কমলাপুর রেল স্টেশনের নিরাপত্তাকর্মীদের ঘুষ দিয়ে অনেক বহিরাগত ছেলে-মেয়ে স্টেশনের ভেতরে প্রবেশ করে। তারা রেলের পরিত্যক্ত বগিতে বসে সময় কাটায়। আবার কেউ কেউ অসামাজিক কাজে লিপ্ত হয়। এদের কেউ সিগারেট জ্বালাতে গিয়ে আগুন লাগতে পারে। আবার কেউ নাশকতা করেও আগুন লাগিয়ে দিতে পারে বলে ওই সুত্র দাবি করছে। তবে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয় আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যপারে তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে ।