News71.com
 Bangladesh
 26 Feb 17, 10:38 PM
 317           
 0
 26 Feb 17, 10:38 PM

প্রজাতন্ত্রের কর্মচারিদের নিরাপত্তায় নতুন আইন আসছে ।। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ  

প্রজাতন্ত্রের কর্মচারিদের নিরাপত্তায় নতুন আইন আসছে ।। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ     

 

নিউজ ডেস্কঃ প্রজাতন্ত্রের কর্মচারিদের নিরাপত্তায় নতুন আইন আসছে জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনা এবং অনিয়ম, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। জবাবদিহিতামূলক, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন, জনবান্ধব সরকারি সেবা-ব্যবস্থাপনা এবং প্রজাতন্ত্রের কর্মচারিদের আইনসম্মত নিরাপত্তা বিধান নিশ্চিত করতে ‘সরকারি কর্মচারি আইন’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। আইনের খসড়া ইতোমধ্যে মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদন লাভ করেছে। আজ জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে রহিম উল্লাহ’র এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসনমন্ত্রী জানান, ‘রূপকল্প-২০২১’ এর আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় স্বীয় অধিক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ নিতে সকল মন্ত্রণালয়/বিভাগ, অধিদফতর/সংস্থা, দফতর, জেলা ও উপজেলা পর্যায়ে ইনোভেশন টিম গঠন করা হয়েছে। ইনোভেশন টিমগুলোর নাগরিক সেবা প্রদান প্রক্রিয়াকে সহজতর করতে বিভিন্ন ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেয়া হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু হয়েছে। সৈয়দ আশরাফ জানান, বর্তমান সরকারের আমলে বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার সার্ভিসে সর্বমোট ১৯ হাজার ৭৫৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও ৩৫তম, ৩৬তম ও ৩৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে আরো ৫ হাজার ৫৩৪ জন কর্মকর্তা নিয়োগের কার্যক্রম চলমান আছে। এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে মাঠ পর্যায়ের কার্যক্রম আরো বেগবান হবে। মন্ত্রী আরো জানান, প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী করতে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৬৯৮টি পদ সৃষ্টি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন