News71.com
 Bangladesh
 26 Feb 17, 10:26 PM
 223           
 0
 26 Feb 17, 10:26 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ।। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ।। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। কোন তালবাহানা করে লাভ হবে না। আর যদি গতবারের মতো ধ্বংসাত্মক আন্দোলন করেন তাহলে গণপিটুনি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জনগণ এমন গণপিটুনি দেবে পালাবারও সময় পাবেন না। পাকিস্তানেও যেতে পারবেন না। আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনায় আরো অংশ নেন সরকার দলীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, টিপু মুন্সী, আব্দুল হাই ও শামসুল হক চৌধুরী এবং বিরোধী দল জাতীয় পার্টির সদস্য জিয়াউল হক মৃধা ।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে সন্ত্রাসী ঘটনা তুলে ধরে শেখ সেলিম বলেন, এরা সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন। এদের সাথে কিসের আলোচনা? বিশ্বের কোথাও কেউ সন্ত্রাসী-জঙ্গি সংগঠনের সঙ্গে আলোচনা করে না। তাদের সঙ্গেও কোন আলোচনা হবে না। তিনি আরো বলেন, খালেদা জিয়া ভেবেছিলেন আলোচনায় না এসে আবার অবরোধ-হরতালের নামে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা করলে শেখ হাসিনাকে তার কাছে মাথা নত করবে। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে। কারো কাছে মাথা নত করার মতো নেতা তিনি নন। কানাডার আদালতে বিএনপি একটি সন্ত্রাসী দল অভিহিত করার প্রসঙ্গ তুলে তিনি বিশ্ববাসীর মতো দেশবাসীকেও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে প্রত্যাখান করার আহবান জানান ।

বিএনপিকে উদ্দেশ্য করে এই সরকার দলীয় সদস্য বলেন, গতবার নির্বাচন না করায় সন্ত্রাস ও রাজনীতির ময়দান থেকে আউট হয়েছেন। আর এইবার যদি নির্বাচন না করেন তাহলে নিবন্ধনও বাতিল হবে, বিএনপিও থাকবে না। ওটা মুসলিম লীগের চেয়েও খারাপ দলে পরিণত হবে। সুতরাং হুমকি-ধামকি দিয়ে কিছু লাভ হবে না। সংবিধান অনুসারে নির্বাচন হবে। যার খুশি সে নির্বাচনে আসবে। এই জন্য আপনাকে নির্বাচনে ডাকতে হবে কেন? আর আজিজ বা সাদেক মার্কা নির্বাচন হবে না বলে তিনি দাবি করেন। আগামী নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য সহায়ক সরকারের অধীনে বিএনপির এমন দাবির প্রেক্ষিতে তিনি বলেন, গ্রহণযোগ্য এবং সহায়ক সরকার বলে কোন সরকার সংবিধানে নেই। সংবিধানে আছে, প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য কোন অ-নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তাই আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তিনি বলেন, খালেদা জিয়া সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মিথ্যা অপপ্রচার করছে। তিনি আবোল-তাবোল বলছেন। তিনি বলছেন পদ্মা সেতু চালও হওয়ার আগেই ফেটে যাবে। এজন্য তাকে পাবনার হেমায়েতুপুরে (পাবনা) নয়, রাঁচিতে (ভারতের) পাঠাতে হবে ।

তিনি আরো বলেন, পদ্মা সেতু নির্মিত হলে শুধু দক্ষিণাঞ্চলের ৪ কোটি মানুষই উপকৃত হবেন না। দেশের অর্থনীতি প্রবৃদ্ধি পেয়ে বাংলাদেশের অর্থনীতি আরো বেশী শক্তিশালী হবে। কিন্তু খালেদা জিয়া এটা সহ্য করতে পারছেন না। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের বিচার দাবির পাশাপাশি বিশ্বব্যাংকের কাছে ক্ষতি পূরণ দাবি করেন তিনি। একই সাথে মিথ্যা অপবাদের জন্য শেখ হাসিনার সরকারের কাছে ক্ষমা চাওয়ারও আহবান জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন