
নিউজ ডেস্কঃ খুলনায় একটি কাটা রাইফেলসহ দু’ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার খুলনা-দাকোপ সড়কের বরণপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- দাকোপ উপজেলার ছুতারখালি গ্রামের আবুতাহেরের ছেলে মনিরুল ইসলাম (২৭) ও রূপসা উপজেলার মোছাব্বেরপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে আসলাম হোসেন বাবু (২৮) ।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক জানান, দুপুর ৩টার দিকে মনিরুল ইসলাম ও আসলাম হোসেন বাবু একটি ইজিবাইকে ব্যাডমিন্টন খেলার ব্যাট নিয়ে খুলনা থেকে দাকোপ যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানা পুলিশ বরণপাড়া এলাকায় ইজিবাইক থামিয়ে তাদের কাছে থাকা ব্যাডমিন্টন খেলার ব্যাগ তল্লাশি চালিয়ে একটি কাটা রাইফেল উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃতরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া তাদের সঙ্গে সুন্দরবনের বনদস্যুদের সম্পর্ক থাকতে পারে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।