
নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার সারাদেশে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করবে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে আরো বলেন, সহায়ক কর্মচারিসহ এসব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাবটি প্রধানমন্ত্রীর সম্মতির জন্য তাঁর কার্যালয়ে পাঠানো হয়েছে ।
আনিসুল হক বলেন, সারাদেশে ১১২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ২১৪টি সহকারী জজ আদালত, ৩৪৬টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহায়ক পদ এবং ১৯টি পরিবেশ আদালত ও ৬টি পরিবেশ আপীল আদালত স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আদালত এবং সহায়ক পদগুলো সৃজিত হলে মামলা নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তিনি বলেন, বর্তমান সরকার ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে গত বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সারাদেশের আদালতে ৪০ হাজার ৬৪ হাজার ৫৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। আনিসুল হক বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ২৯৬ জন বিচারককে (অধন্তন আদালত), ৩২ জন আইনজীবীকে এবং ৭৭ জন আদালতের সহায়ক কর্মচারীসহ মোট ৪০৫ জনকে প্রশিক্ষণ দিয়েছে ।
মন্ত্রী বলেন, সরকারি অর্থায়নে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ‘অধস্তন আদালতে ব্যবস্থা শক্তিশালীকরণে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৫১৬ জন কর্মকর্তাকে বিদেশে এবং ১৫৮ জন কর্মকর্তাকে দেশে প্রশিক্ষণ দেয়া হবে। তিনি বলেন, দেশের ইতিহাসে সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা, খুলনার শিশু রাকিব হত্যা মামলার রায় সর্বোচ্চ দ্রুততম সময়ে ঘোষণা করা সম্ভব হয়েছে। পাশাপাশি ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার বিচার কার্যক্রমের সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে ।
এছাড়া সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার বহুল আলোচিত চাঞ্চল্যকর ৭ খুনের মামলা মাত্র ৫৩ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আদালত বিচার কার্য সম্পন্ন করে রায় ঘোষণা করে ।মন্ত্রী বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়েরকৃত মামলাসমূহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেয়া রায়সমূহের প্রেক্ষিতে দায়েরকৃত আপিল মামলাসমূহের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত অর্থবছরে ৩টি মামলা চূড়ান্তভাবে নিষ্পন্ন করেছে।