
নিউজ ডেস্ক : অবশেষে সাংসদের কবল থেকে দখলমুক্ত হল খুলনার পাইকগাছার প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজের বসত বাড়ী । আওয়ামীলীগের সাংসদ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হক গত ১৪ মাস তার বাড়ীর চারপাশে সুউচ্চ পাঁচিল নির্মান করে তাদের বদ্ধ করে রাখেন । এই দীর্ঘ সময় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে পরিবারটি । দখলের দিনই এ বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় নিউজ ৭১ অনলাইনে। পরে ধারাবাহিক ভাবে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় দেশের প্রায় সকল জাতীয় ও আন্চলিক সংবাদ পত্রসহ অনলাইন মিডিয়ায়। সোস্যাল মিডিয়ায় ওঠে আলোচনা সমালোচনার ঝড় । সারাদেশে শুরু হয় হৈচৈ। বিষয়টি দৃষ্টি গোচর হয় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি নির্দেশনা দেন জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহনের।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে নড়েচড়ে বসে প্রশাসন । শুরু হয় পুলিশি তদন্ত । বিভিন্ন দপ্তর ঘুরে তদন্ত যায় তৎকালিন খুলনার গ অন্চলের সহকারি পুলিশ সুপার আব্দুল কাদের বেগের কাছে । দীর্ঘ সময় ধরে চলে এই তদন্ত । আর বদ্ধ বাড়ীতে ধুঁকতে থাকে বৃদ্ধ আব্দুল আজিজ ও তার পরিবার পরিজন । তাদের বাচ্চাদের লেখাপড়াসহ নিয়মিত চিকিৎসা সেবা থেকে বন্চিত হয় গোটা পরিবার। কারন বাঁশের মই বেয়ে বাড়ীর জোয়ান পুরুষ লোক ও কিশোররা বের হতে পারলেও মহিলারা একদম বন্দি হয়ে যায় সাংসদের তৈরী দেয়ালের মধ্যে। প্রতি মুহুর্ত বাড়ীর লোক বাইরে বের হত না ফেরার ঝুঁকি নিয়ে।
এসময় শুধু আজিজের বাড়ীর চারপাশে উঁচু প্রাচীর তৈরী করেই থেমে থাকেন না সাংসদ নুরুল হক। এমপির প্রভাব খাটিয়ে পুলিশকে কাজে লাগিয়ে বৃদ্ধ আব্দুল আজিজ ও তাদের পরিবারের পুরুষ সদস্যদের নামে একাধিক হয়রানি মুলক মিথ্যা মামলা দিয়ে তাদের জেলেও পাঠিয়ে দেন আওয়ামীলীগের এই সাংসদ। উদ্দেশ্য ছিল পুলিশকে কাজে লাগিয়ে নির্বিঘ্নে আজিজের বসত বাড়ীর দখল নেয়া । গোটা পাইকগাছার সকল সচেতন মানুষ মনে মনে এই ঘটনাকে ঘৃনা জানিয়ে তাদের তীব্র ক্ষোভ ও প্রকাশ করলেও সাংসদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনি। জাগ্রত বিবেক এখানে ছিল সম্পূর্ণ বোবা হয়ে । ফলে সাংসদের আধিপত্য ও দখলবাজি দিন দিন বেড়েই চলে । এর পর পর্যায়ক্রমে দখল হয় খা'পাড়ার জনৈক রুহুল আমিনের ইটভাটা সহ অনেকের মাছের ঘের । সাংসদ নরুল হকের নির্বাচনী এলাকা পরিনত হয় লুটপাট আর দখল-পাল্টা দখলের স্বর্গরাজ্যে।
কিন্ত ধর্মের কল বাতাসে নড়ার মত গত কয়েকদিনে আবারও সাংসদের এই অপকর্মের বিষয়টি জনসমক্ষে চলে আসে মিডিয়ার বদৌলতে । বাংলাদেশের লিডিং সংবাদপত্র প্রথম আলো, সমকালসহ প্রায় সকল জাতীয় দৈনিক ও জনপ্রিয় টেলিভীষন চ্যানেলগুলোতে গত কয়েকদিন ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সরকার নড়েচড়ে বসে । তাই সর্বোচ্চ মহলের সবুজ সংকেত পেয়ে আজ দুপুর থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান । পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসানের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ ফোর্স এই অভিযানে অংশ নেয় । পরিস্থিতি বেগতিক দেখে জমিতে পাহারায় থাকা সাংসদ নুরুল হকের সাগরেদ মাহফুজুল হক কিনু, রনি সরদার, আবদুস সালাম ও আমজাদসহ কয়েকজন দ্রুত পালিয়ে যায় । এ রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছিল। অভিযান শুরু হওয়ায় পাইকগাছা পৌর সদরে বসবাসরত হাজার হাজার মানুষ বাধভাঙ্গা স্রোতেরমত ঘটনাস্থলে ছুটে আসেন দেখতে । সকলের সতস্ফূর্ততা ও মুখের হাসিই বলে দিচ্ছে তাদের খুশীর বার্তা । ক্ষতিগ্রস্ত আব্দুল আজিজের পরিবারের পক্ষ থেকে আমিরুল ইসলাম নিউজ ৭১ কে টেলিফোনে জানান এই দীর্ঘ সময় দেশের যে সকল সংবাদ মাধ্যম বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তাদের সহযোগীতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ । উপরন্ত তিনি ধন্যবাদ জানিয়েছন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যিনি শুরু থেকেই সবসময় তাদের পাশে ছিলেন। যার শক্তিতে ও প্রেরনায় তারা সাংসদ নুরুল হকের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহসি হয়েছেন।