News71.com
 Bangladesh
 26 Feb 17, 01:45 PM
 253           
 0
 26 Feb 17, 01:45 PM

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ব্যবহৃত বাইসাইকেলটি জাদুঘরে যাচ্ছে।।  

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ব্যবহৃত বাইসাইকেলটি জাদুঘরে যাচ্ছে।।   

 

নিউজ ডেস্কঃ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ব্যবহৃত বাইসাইকেলটি দীর্ঘ ৪৫ বছর পর নূর মোহাম্মদ শেখ স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হচ্ছে আজ। নূর মোহাম্মদের ৮১তম জন্মবার্ষিকীতে আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সভাপতি মো. হেলাল মাহমুদ শরীফের কাছে বাইসাইকেলটি হস্তান্তর করা হবে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মীয় (শ্যালক) নড়াইল সদর উপজেলার ডৌয়াতলা গ্রামের মশিয়ার রহমান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পরিবারের সাথে দেখা করতে যশোর থেকে বাইসাইকেল চালিয়ে নূর মোহাম্মদ একবার বাড়িতে (নড়াইলের মহিষখোলা গ্রাম) আসেন। পরে যশোরে ফিরে যাওয়ার সময় সাইকেলটি তার (মশিয়ার) বড় ভাই অলিয়ার রহমানের কাছে রেখে যান তিনি (নূর মোহাম্মদ)। অলিয়ার রহমান সে সময় দশম শ্রেণিতে লেখাপড়া করতেন। মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নূর মোহাম্মদ শহীদ হওয়ায় তার আর বাড়ি ফেরা হয়নি। পরে বাইসাইকেলটি সযত্নে সংরক্ষণ করা হয়। অলিয়ার রহমানের মৃত্যুর পর তার ছেলে এমদাদুল হক সাইকেলটি ব্যবহার করে আসছিলেন।

২০১৬ সালের প্রথম দিকে নূর মোহাম্মদের ব্যবহৃত বাইসাইকেলটি জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সাইকেলটি ব্যবহারকারী এমদাদুল হক বলেন, পিতার (অলিয়ার) মৃত্যুর পর দীর্ঘদিন এ সাইকেলটি আমি ব্যবহার করে আসছি। বীরশ্রেষ্ঠের সাইকেল চালিয়ে মনে সাহস ও আনন্দ পেতাম। খুব ভালো লাগত আমার। জাদুঘরে হস্তান্তরের কথা ভেবে আরো আনন্দ বোধ করছি।নূর মোহাম্মদ শেখের স্ত্রী ফজিলাতুন নেসা জানান, তার স্বামীর ব্যবহৃত বাইসাইকেলটি দীর্ঘদিন পরে হলেও জাদুঘরে সংরক্ষণ করায় তিনি আনন্দিত।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের লাইব্রেরিয়ান রজব আলী জানান, এখানে বই ও পত্রিকা পড়ার সুযোগ থাকলেও নূর মোহাম্মদের স্মৃতি বিজড়িত দেখার মতো তেমন কিছু নেই। বাইসাইকেলটি জাদুঘরে রাখা হলে দর্শনার্থীরা তা দেখতে পারবেন। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে ‘মহিষখোলা’র নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ করা হয় এখানে নির্মিত হয়েছে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরসহ স্মৃতিস্তম্ভ। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাতবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন