
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ইয়াসিন ওরফে মনা নামের ১ তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের জেরে মোহাম্মদ হোসেনের অনুসারীরা ইয়াসিনকে গতকাল রাত ১০টার দিকে লেক সিটি গেট এলাকায় পিটিয়ে ও কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়।
ওসির দাবি, নিহত ইয়াসিন ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা আছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে।