
নিউজ ডেস্কঃ বাগেরহাটের সুন্দরবন-সংলগ্ন রামপালে শতাধিক ভূমিগ্রাসী-বনগ্রাসী বাণিজ্যিক প্রকল্প ধ্বংস করতে যাচ্ছে বাংলাদেশের রক্ষাকবচ সুন্দরবন। দেশ-বিদেশের বিশেষজ্ঞের সিদ্ধান্ত ও জনমত অগ্রাহ্য করে, মিথ্যাচার এবং দমন-পীড়নের ওপর ভর করে মহাজোট সরকার বিদেশিদের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সুন্দরবনের ওপর মারাত্মক প্রভাব পড়বে। শুধু তাই নয়, প্রতিদিন সুন্দরবনের মধ্য দিয়ে ১২ থেকে ১৩ হাজার টন কয়লা নিয়ে জাহাজ যাতায়াত করবে। এই প্রকল্পে প্রতিবছর অন্তত ৪৭ লাখ টন কয়লা পোড়ানো হবে। এর ফলে দূষিত হবে পানি, বায়ু, মাটি ও কৃষিজমি। মৎস্যজীবী, বনজীবীসহ ওই অঞ্চলের ৩৫ লক্ষাধিক মানুষ তাদের বর্তমান জীবিকা হারাবে। এর ফলে উদ্বাস্তু হবে অসংখ্য মানুষ। গতকাল শনিবার খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা ইউনিট আয়োজিত গণ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির খুলনা জেলার সভাপতি মনোজ দাস ও সঞ্চালনা করেন সদস্যসচিব মোস্তফা খালিদ খসরু।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স, সিপিবির কেন্দ্রীয় নেতা এস এ রশিদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মনিরুল হক, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি খুলনার সদস্যসচিব বাবুল হাওলাদার, মহিলা পরিষদ খুলনার সাধারণ সম্পাদক রসু আক্তার, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি মৃত্যুঞ্জয় দাস, ছাত্র ফ্রন্টের সভাপতি গৌর বর্মণ, মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক কৃষ্ণ সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা আরও বলেন, সুন্দরবনের ক্ষতি হলে প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ কোটি মানুষের জীবন ও সম্পদ অরক্ষিত হয়ে পড়বে। অরক্ষিত হবে বাংলাদেশ। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঋণ আর বেশি দামের বোঝা জনগণের কাঁধেই চাপবে। সমাবেশ থেকে সুন্দরবন রক্ষার দাবিতে আন্দোলন-সংগ্রাম জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।