
নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে পানি সমস্যা বিদ্যমান থাকার পেছনে সক্ষম নেতৃত্বের অভাবকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব না। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘হিমালয় অঞ্চলের পানি বণ্টন সমস্যা : একটি টেকসই মডেলের অনুসন্ধানে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন ।
‘সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রোসপারিটি সোসাইটি’ আয়োজিত এই সেমিনারে হাফিজ বলেন, ভারতের সঙ্গে আমাদের পানি সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সমস্যা সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন। তিনি বলেন, পানি সমস্যাসহ যেসব সমস্যা রয়েছে ভারতের হাতে, তা দূর করতে আমাদের হাতেও বিভিন্ন কৌশল রয়েছে, কিন্তু আমরা তা ব্যবহার করতে পারছি না। এর কারণ হল আমাদের সক্ষম নেতা নেই। হিমালয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে নদী কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, আমরা বহুবার বিষয়টি বলেছিলাম নেপালকে নিয়ে একটি নদী কমিশন গঠন করা হোক। কিন্তু ভারত এর বিরোধিতা করেছে। কিন্তু এখন চীন যখন বাঁধ দিয়েছে, তখন তারা বলছে নদী কমিশনের কথা। আসলে তাদের সুবিধার জন্য, তাদের অনুকূলে থাকলেই তারা কথা বলেন ।
বিএনপির এই নেতা বলেন, আমরা ভারতের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব চাই। তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, সেজন্য আমরা কৃতজ্ঞ্; কিন্তু এজন্য কি সারাজীবন এর ঋণ শোধ করে যাবো? তিনি বলেন, আমাদের কণ্ঠ এখন স্তব্ধ। আমরা এখন নির্জীব, কাপুরুষ জাতি। আর এভাবে চললে পানির সমাধান কেন, কোন সমস্যারই সমাধান হবে না। আমরা তো ভারতের সঙ্গে ন্যায়ভিত্তিক সমঝোতা চাই। কিন্তু দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় আজ এই দূরাবস্থা ।