News71.com
 Bangladesh
 25 Feb 17, 11:54 PM
 264           
 0
 25 Feb 17, 11:54 PM

ইউরোপের দেশ নেদারল্যান্ডে ২০ লাখ ডলারের পণ্য রফতানি করবে প্রাণ ।।

ইউরোপের দেশ নেদারল্যান্ডে ২০ লাখ ডলারের পণ্য রফতানি করবে প্রাণ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দেশ নেদারল্যান্ডে পণ্য রফতানির লক্ষ্যে সেখানকার জনপ্রিয় চেইন শপ অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। সম্প্রতি রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপের প্রধান নির্বাহী উইম অ্যাঞ্জেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায়,অ্যাঞ্জেল ফরেন ফুড গ্রুপ চলতি বছরে ২০ লাখ মার্কিন ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য ক্রয় করবে। এসব পণ্যের মধ্যে থাকছে নুডল্স, জুস ও বিভিন্ন কনফেকশনারি পণ্য ।

ইলিয়াছ মৃধা জানান,ইউরোপের বিভিন্ন দেশে প্রাণ পণ্যের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। এই চুক্তির ফলে এখন নেদারল্যান্ডে প্রাণ পণ্য সহজলভ্য হবে। নেদারল্যান্ড ছাড়াও ফ্রান্স,ইটালি, গ্রিস, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্নদেশে প্রাণ পণ্য নিয়মিত রফতানি হচ্ছে বলে তিনি জানান। উইম অ্যাঞ্জেল জানান,প্রাণ বাংলাদেশের সুবিদিত খাদ্যপণ্য উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান। বর্হিবিশ্বে প্রাণের সুনাম রয়েছে ।

নেদারল্যান্ডে প্রাণ পণ্য আরো জনপ্রিয় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রাণের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (রফতানি) গোলাম রসুল, অ্যাসিসটেন্ট ম্যানেজার (রফতানি) মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বতর্মানে প্রাণ গ্রুপ বিশ্বের ১৩৪টি দেশে তাদের পণ্য রফতানি করছে। ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ১৮৪ মিলিয়ন ডলারের বিভিন্ন পণ্য রফতানি করেছে প্রাণ গ্রুপ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন