
নিউজ ডেস্কঃ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, অন্যায়কে অন্যায় বলার সাহস সুরঞ্জিতের সব সময় ছিল। সব সময় তিনি সুস্থ রাজনীতি করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। তরুণ প্রজন্মকে সুরঞ্জিতের কথা জানাতে হবে। সাবেক মন্ত্রী প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় ড. কামাল এ কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ শনিবার বিকেলে ঢাকার বিএমএ মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে। ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ট গোমেজ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘পাকিস্তান আমলে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গার পর আমরা যে মিছিল বের করেছিলাম সেই মিছিলে সুরঞ্জিত ছিলেন। কখনোই তিনি সাম্প্রদায়িকতাকে মেনে নেননি। অথচ আজ ভাষারও সাম্প্রদায়িককরণ করা হচ্ছে হেফাজতের সুপারিশে। পাঠ্যপুস্তকে অ-তে অরুণ রাখা যাবে না, মন্দির থাকলে সেই শব্দ বাদ দেওয়া হচ্ছে। আমরা যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চেয়েছিলাম, তাদের জন্য এগুলো মেনে নেওয়া কষ্টের।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সুরঞ্জিত আমাদের মাঝে চিরঞ্জীব হয়ে থাকবেন। তাঁর ভেতর কখনো কৃত্রিমতা ছিল না। জমিয়ে আড্ডা দিতে পারতেন। হাসতে হাসতে অনেক সত্য কথা বলে দিতেন। তিনি ছিলেন জন্মগতভাবে জননেতা।’
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ছিলেন সুরঞ্জিত সেন। ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। ’৭৫-এর পর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি আসলে ছিলেন জাতীয় নেতা।’ প্রবীণ আইনজীবী আমিরুল ইসলাম বলেন, ১৯৭০ সালে সারা দেশে যখন আওয়ামী লীগের জয়জয়কার, তখন সুরঞ্জিত সেন অন্য দল থেকে নির্বাচিত হয়ে আমাদের চমকে দিয়েছিলেন। সারাটা জীবনই তিনি চমক দেখিয়েছেন। সংসদে তিনি যেসব ভাষণ দিয়েছেন, সেখান থেকে ভবিষ্যৎ সাংসদরাও শিখতে পারবেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘ষাটের দশকে বিশ্ববিদ্যালয়ে আমরা যে কয়েকজন প্রগতিশীল জাতীয় নেতা পেয়েছি, সুরঞ্জিত সেন তাঁদের একজন।’ অভিনেতা এ টি এম শামসুজ্জামান বলেন, ‘আমরা বেঁচে থাকতে মানুষকে সম্মান দিতে শিখি না। সুরঞ্জিত সেনের মতো আলোকিত মানুষের কথা বললে নিজের ভেতরটা উজ্জ্বল হয়।’ ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নিম চন্দ্র ভৌমিক বলেন, ’৭২-এর সংবিধান পুনঃপ্রণয়ন চেয়েছিলেন সুরঞ্জিত।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘যত দিন একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা চাকমা, মারমা, সাঁওতাল পরিচয়ের কারণে এ দেশের একজন মানুষ নিপীড়নের শিকার হবেন, তত দিন সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্ন পূরণ হবে না।’ সুরঞ্জিত সেনের স্ত্রী জয়া সেনগুপ্ত বলেন, ‘রাজনীতির পথ দুর্গম। সারাটা জীবন সেই দুর্গম পথ পাড়ি দিয়েছেন তিনি। তাঁর এই হঠাৎ চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনি।’