
নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার ওই আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা আবদুল কাদের খানকে আদালতে নেওয়া হয়েছে। ওই মামলায় জবানবন্দি রেকর্ড করার জন্য তাঁকে আজ শনিবার বেলা তিনটার দিকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আবদুল কাদের খানকে আদালতে নেওয়া হয়েছে।আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত বুধবার দুপুরে আবদুল কাদের খানকে সাংসদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম।