News71.com
 Bangladesh
 25 Feb 17, 07:41 PM
 246           
 0
 25 Feb 17, 07:41 PM

বঙ্গবন্ধুকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নুরকে ফেরত দিলে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরো জোরদার হবে ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নুরকে ফেরত দিলে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরো জোরদার হবে ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নুর চৌধুরীকে ফিরিয়ে দেয়া হলে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরো জোরদার হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, নুর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য কানাডার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ। তাকে দেশে ফিরিয়ে আনলে বিচারহীনতার সংস্কৃতির অবসান হবে। নুর চৌধুরীকে ফিরিয়ে আনলে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হবে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-কানাডা সম্পর্কের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংলাপের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতায় শাহরিয়ার আলম একথা বলেন ।

কানাডা হাইকমিশনের সহায়তায় ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্স (আইপিএজি) এ সংলাপের আয়োজন করে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর কানাডা সফর করে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সাক্ষাত করে নুর চৌধুরীকে ফেরত পাঠানোর কার্যকর উদ্যোগ নেয়ার অনুরোধ জানান। ট্রুডো ইস্যুটি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় সম্মতির কথা জানান। কানাডার আইনে মৃত্যুদণ্ড নেই। কানাডায় আশ্রয় নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিও তাদের আইন অনুমোদন করে না। তবে মৃত্যুদণ্ডের বিধান নেই- এমন তৃতীয় কোনো দেশে নুর চৌধুরীকে পাঠিয়ে দিলে সেখান থেকে সরকার তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে। তবে তা প্রক্রিয়াগতভাবে খুবই জটিল ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অটোয়া সফর বাংলাদেশ-কানাডা সম্পর্কে নতুন জোয়ার সৃষ্টি করেছে। ভবিষ্যতে তা নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আমরা আশা করি। পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে কানাডাই প্রথম বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো বাংলাদেশের মুক্তির সংগ্রামকে সমর্থন জানিয়েছিলেন। শেখ হাসিনা অটোয়া সফরের সময় পিয়েরে ট্রুডোকে দেয়া মুক্তিযুদ্ধের সম্মাননা পুরস্কার তারই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে তুলে দেন । কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায়। বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমান ২০০ কোটি ডলার ছড়িয়ে গেছে। উদ্বোধনী অধিবেশনে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও বাংলাদেশে কানাডার সাবেক হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল। স্বাগত বক্তব্য দেন আইপিএজির চেয়ারম্যান সৈয়দ মুনির খসরু ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন