
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দলবদ্ধ হয়ে রাতের আঁধারে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন জ্বালিয়ে ঘর পুড়িয়ে দেয়াসহ শিশু ও মহিলাদের আহত করার ঘটনায় গুলশান স্পিনিং মিলের এমডি, জিএম ও উর্ধ্বতন কর্মকর্তাসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের ১ নম্বর ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদের আদালতে মামলা হয়েছে ।
গত ২৩শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার লাভলী আক্তার নামে বিরোধপূর্ণ জমির মালিকের মেয়ে বাদি হয়ে মামলাটি করেন। পরে আদালত মামলটি ভালুকা মডেল থানার ওসিকে এফআইআরভূক্ত করার নির্দেশ দেন। জানা যায়, উপজেলার ধামশুর মৌজার ১১৩৯ নম্বর দাগে আখালিয়া গ্রামের আব্দুল জব্বার ফকির ও খালেক ফকির গংদের ৫৪ শতাংশ জমি নিয়ে গুলশান স্পিনিং মিলের (প্রস্তাবিত) সাথে বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে গত ১৮ই ফেব্রুয়ারী (শনিবার) গভীর রাতে গুলশান স্পিনিং মিলের পক্ষে প্রায় দেড় শতাধিক লোক দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে বসতবাড়িতে ঘুমন্ত অবস্থায় হামলা চালায় ।
এ সময় সেলিনা আক্তার (৩৮), লাভলি আক্তার (৩৬) দিলারা বেগম (২০) নাছিমা (২১), শেফালী (২৩), শেফালীর শিশুকন্যা রাবেয়া (চার মাস), লাকীর শিশু কন্যা তায়েবা (১৪ মাস), রমজান আলী ফকির (৩৫), শিহাব ফকির (১৭), বাছির ফকির (২০) রোকেয়া (৪৪) আহত হন। হামলাকারীরা যাওয়ার সময় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করে ।
এ ঘটনায় গুলশান স্পিনিং মিলের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজ উদ্দিন আহম্মেদ (৫০), জেনারেল ম্যানেজার (জিএম) মো: জামির আলী (৪৮), উর্ধ্বতন কর্মকর্তা মাসুদুর রহমান চৌধুরী (৪৯) এবং স্থানীয় মো: কবির হোসেন (৩১) ও মো: জামাল মিয়ার নাম উল্লেখসহ আরো ২০/২৫ জনের নামে বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমির মালিক আব্দুল জব্বারের মেয়ে লাভলী আক্তার বাদি হয়ে ময়মনসিংহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালত মামলটি ভালুকা মডেল থানার ওসিকে এফআইআর ভূক্ত করার নির্দেশ দেন। ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, আদালত থেকে এ ধরণের কোন নির্দেশনা আমার হাতে এখনো পৌছেনি ।