
নিউজ ডেস্কঃ রানা প্লাজা দুর্ঘটনার পর গার্মেন্টস খাতের কর্মপরিবেশ (কমপ্লায়েন্স) উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতি বিশ্ববাসীকে জানাতে আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অ্যাপারেল সামিটের আয়োজন করা হয়েছে। এবারের সামিটে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, ক্রেতা ও ব্র্যান্ড প্রতিষ্ঠানের প্রতিনিধি, শ্রমিক অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।
এর আগে ২০১৩ সালের শেষ দিকে প্রথমবারের মত অ্যাপারেল সামিট আয়োজন করেছিল তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। ওই সম্মেলনে পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে বেশকিছু পরামর্শ উঠে আসে। তার ভিত্তিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে করণীয় নিয়ে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করেছিল সংগঠনটি। তিন বছর পর ওই কর্মপরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হলো, তারও মূল্যায়ন হবে এবারের সম্মেলনে।
বিজিএমইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, রানা প্লাজা ট্র্যাজেডির পর গত প্রায় চার বছরে এ খাতের টেকসই উন্নয়নে বেশকিছু কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ বিষয়ে সঠিক তথ্য বিশ্ববাসীর জানা দরকার। তাছাড়া ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরটিকে স্মরণীয় করে রাখতে ওই বছর গার্মেন্টস খাতে রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই টার্গেট অর্জনে চাহিদার বিষয়টি সুনির্দিষ্ট করা প্রয়োজন। এ খাতের জন্য কী পরিমাণ বিনিয়োগ বাড়াতে হবে, শ্রম শক্তি, বন্দরসহ অবকাঠামো, গ্যাস-বিদ্যুত্ কী পরিমাণ প্রয়োজন সে বিষয়টিকে সামনে রেখে কর্মপরিকল্পনা সাজাতে হবে। ২০১৮ সালের মধ্যে গার্মেন্টস কারখানার সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে বিশ্বব্যাপী ইতিবাচক বার্তা যাবে। এটি রপ্তানি বাড়াতে বড় সহায়ক ভূমিকা রাখবে।
এদিকে, বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনে এমন পাঁচটি বড় আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশে শ্রমিক ছাঁটাই এবং শ্রমিক নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ এনে ঢাকায় অ্যাপারেল সামিট বর্জনের ঘোষণা দিয়েছে। এগুলো হচ্ছে—এইচঅ্যান্ডএম, জারা, সিঅ্যান্ডএ, নেক্সট এবং টিচিবো। আন্তর্জাতিক শ্রমিক অধিকার সংগঠন ‘ক্লিন ক্লোদস ক্যাম্পেইন’ এক বিবৃতিতে ইতোপূর্বে জানিয়েছে, ঢাকা অ্যাপারেল সামিটে এই ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে না।
সচিবালয়ে গত বৃহস্পতিবার শ্রম পরিস্থিতি নিয়ে পোশাক কারখানা মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক বলেছেন, আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক কারখানার বেশ কিছু শ্রমিক নেতা গ্রেফতার হন। তাদের বেশিরভাগই জামিনে মুক্ত হয়েছেন। আর কয়েকজন থাকতে পারেন। আশা করি, খুব শিগগিরই তারা মুক্তি পাবেন। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় যারা চাকরিচ্যুত হয়েছে তাদের শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে। তাছাড়া সাময়িকভাবে বরখাস্ত হওয়া কেউ যদি চাকরি করতে চান, শ্রম আইন অনুযায়ী তাদের চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্ত আমরা নিয়েছি।