News71.com
 Bangladesh
 24 Feb 17, 11:33 PM
 231           
 0
 24 Feb 17, 11:33 PM

পাসপোর্ট অধিদপ্তরকে সততার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে রাষ্ট্রপতির আহবান

পাসপোর্ট অধিদপ্তরকে সততার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে রাষ্ট্রপতির আহবান

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় কর্মকাণ্ড, কর্মসংস্থান, শিক্ষা, গবেষণাসহ নানা কারণে এ দেশের মানুষকে পৃথিবীর অন্যান্য দেশে ভ্রমণ করতে হয়। সঙ্গত কারণেই পাসপোর্টের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনপ্রত্যাশা পূরণে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রাখতে হবে। পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে আজ শুক্রবার এক বাণীতে তিনি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, মনে রাখতে হবে যে, জনসেবাই সরকারের মূখ্য উদ্দেশ্য ও পবিত্র দায়িত্ব। এই লক্ষ্য বাস্তবায়নে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। এ পরিপ্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য : ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’- যথার্থ হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের উদ্যোগে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭’ উদযাপিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পাসপোর্ট নাগরিকের গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র। বিশ্ব দরবারে পাসপোর্ট কেবল নাগরিকের জাতীয় পরিচয়ই তুলে ধরে না, এর মাধ্যমে জাতির আভিজাত্য, দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ভাবমূর্তি ফুটে ওঠে। সময়ের পরিক্রমায় তথ্যপ্রযুক্তি বিকাশের সাথে সাথে এনালগ পাসপোর্ট পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতির উন্মেষ ও বিকাশ ঘটেছে। রাষ্ট্রপতি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার ২০১০ সালে এমআরপি ও এমআরভি বাস্তবায়নের পর এখন ই-পাসপোর্ট প্রণয়নের প্রকল্প হাতে নিয়েছে। পাসপোর্ট সেবার মাধ্যমে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর দেশবাসী ও বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের প্রশংসা অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সেবার মানোন্নয়নে আরো তৎপর থাকবে, দেশবাসী তা প্রত্যাশা করে। এ ছাড়াও বাণীতে রাষ্ট্রপতি পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর সাফল্য কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন