News71.com
 Bangladesh
 24 Feb 17, 06:48 PM
 197           
 0
 24 Feb 17, 06:48 PM

নেত্রকোণায় পুলিশের সঙ্গে ছাত্রদলের কর্মীদের হামলা-পাল্টা হামলা

নেত্রকোণায় পুলিশের সঙ্গে ছাত্রদলের কর্মীদের হামলা-পাল্টা হামলা

 

নিউজ ডেস্কঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুলিশের সঙ্গে ছাত্রদলের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের কয়েকজনসহ ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ এটিকে পরিকল্পিত হামলা দাবি করলেও ছাত্রদলের দাবি, তাদের সমাবেশে অকস্মাৎ পুলিশ তাদের লাঠিপেটা শুরু করে। গ্রামবাসী ও ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে প্রতিরোধ করে। আজ শুক্রবার দুপুরে কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, আহতদের নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, বেলা ১২টার দিকে ছাত্রদল কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ছাত্রদলের অন্তত তিনশ' নেতাকর্মী লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ বিদ্যালয়ের একটি কক্ষে আশ্রয় নিলে সেখানেও তারা হামলা চালিয়ে মারধর করে পুলিশ সদস্যদের। পরে কেন্দুয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ ব্যাপারে জেলা ছাত্রদল সভাপতি ফরিদ হোসেন বাবু বলেন, তাদের সমাবেশ শেষের দিকে ছিল। ওই সময় হঠাৎ পুলিশ তাদের উপর লাঠিপেটা শুরু করে। এতে তিনি নিজেসহ ছাত্রদলের অনেকে আহত হয়েছেন। পরে গ্রামবাসী ও ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে প্রতিরোধ করে বলে জানান ফরিদ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন