
নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে বোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে গাংনী থানার পুলিশ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামি হলেন আবদুর রহমান (৪২)। তিনি গাংনীর রংমহল গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। পুলিশ জানায়, আবদুর রহমানের নামে গাংনী ও মেহেরপুর সদর থানায় চাঁদাবাজি, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় এক ডজন মামলা রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সাহারবাটি গ্রামের সড়ক থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি আবদুর রহমানের কাছ থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় তাঁর নামে মামলা করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে মেহেরপুর আদালতে সোপর্দ করার কথা। তিনি অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি বলে জানান তিনি।
তাঁকে ২০১৫ সালের ৩ মে রাতে উপজেলার করমদি গ্রাম থেকে একটি ভারতীয় বন্দুক ও পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তখন তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে মেহেরপুর জেলা জজ আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার আগে থেকে তিনি পলাতক ছিলেন।