News71.com
 Bangladesh
 24 Feb 17, 11:37 AM
 250           
 0
 24 Feb 17, 11:37 AM

আবারও সংসদীয় জোট গঠনে উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের স্বতন্ত্র এমপিরা।। 

আবারও সংসদীয় জোট গঠনে উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের স্বতন্ত্র এমপিরা।। 

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে পৃথক জোট গড়তে আবার উদ্যোগ নিয়েছেন নির্দলীয় সংসদ সদস্যরা। চলতি সংসদের শেষ দুই বছর অধিক কার্যকর ভূমিকা পালন করতে তাদের এমন উদ্যোগ বলে জানিয়েছেন পিরোজপুর-৩ আসনের এমপি মো. রুস্তম আলী ফরাজী।উল্লেখ্য, বর্তমান সংসদে ১৬ জন সংসদ সদস্য স্বতন্ত্র হিসেবে নির্বাচিত। এদের অনেকেই আওয়ামী লীগ নেতা। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। রুস্তম আলী ফরাজী বলেন, আমরা শুরুতে চেষ্টা করে জোট গঠন করতে পারিনি। কিন্তু এখন আমরা সবাই একমত হয়েছি স্বতন্ত্র জোট গঠনে। এ নিয়ে কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদ্যোগের বিষয়টি অবহিত করব। অধিবেশনের বিধিতেও বিষয়টি আনার কথা জানান তিনি। জানা যায়, রুস্তম আলী ফরাজী এবং কুমিল্লা-৩ আসনের ইউসুফ আবদুল্লাহ হারুনসহ বেশ কয়েকজন স্বতন্ত্র এমপি গত বুধবার সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সংসদের মেয়াদ শেষ দিকে হলেও সবাই একমত হয়েছেন জোটের আত্মপ্রকাশ ঘটাতে। সংসদে নিজেদের নতুন করে জানান দিতেই এ উদ্যোগ বলে জানা গেছে।

রুস্তম ফরাজী বলেন, সংসদে এখন সরকারের গঠনমূলক সমালোচনা একমাত্র আমরাই করে থাকি। সরকারের অনেক নির্দেশনা থাকে। আমরা বিভিন্ন আইন প্রণয়নে ভূমিকা পালন করে থাকি। তিনি বলেন, স্বতন্ত্র জোটের আত্মপ্রকাশ হলে আমরা একটি সংসদ নেতা ও একজন উপনেতা পাব। এতে সরকারের সঙ্গে আমাদের গঠনমূলক কাজ নিয়ে আরও বেশি কথা বলা যাবে। উল্লেখ্য জাতীয় সংসদে স্বতন্ত্র জোটের কার্যকারিতা না থাকলেও সংরক্ষিত নারী আসনে তিনজন এমপির মনোনয়নে কাগজে-কলমে স্বতন্ত্র জোটের অস্তিত্ব লক্ষ করা যায়। স্বতন্ত্র জোটের মনোনয়ন নিয়ে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী রোজী (আসন-৩৪১), নূরজাহান বেগম (আসন-৩৪২) ও উম্মে রাজিয়া কাজল (আসন-৩৪৩)। তিনজন প্রার্থীরই প্রস্তাবকারী স্বতন্ত্র জোটের সভাপতি হাজী মো. সেলিম এবং সমর্থনকারীর ঘরে স্বাক্ষর করেছেন স্বতন্ত্র জোটের সদস্য সচিব রাজী মোহাম্মদ ফখরুল (কুমিল্লা-৪)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন