News71.com
 Bangladesh
 23 Feb 17, 11:17 PM
 335           
 0
 23 Feb 17, 11:17 PM

জনবিচ্ছিন্ন হলে কেউ পার পাবেন না ।। দলীয় এমপিদের কড়া দাওয়াই প্রধানমন্ত্রীর  

জনবিচ্ছিন্ন হলে কেউ পার পাবেন না ।। দলীয় এমপিদের কড়া দাওয়াই প্রধানমন্ত্রীর       

 

নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনের জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এলাকায় গিয়ে ভালো কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে হবে। জনসম্পৃক্ততা বাড়াতে হবে। সরকারের উন্নয়ন ও সফলতার কথা আরও বেশি করে মানুষের মধ্যে প্রচার করতে হবে।' দলীয় এমপিদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, 'কেউ নির্বাচনী এলাকায় বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না। কে কী করছেন, কার কী অবস্থা- তার সব রিপোর্টই আমার কাছে আছে। জনবিচ্ছিন্ন হলে কেউ পার পাবেন না। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।' কানাডার আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, 'বিএনপি যে একটি সন্ত্রাসী দল, তা শেষ পর্যন্ত কানাডার আদালতেই প্রমাণ হয়েছে। তারা অতীতে যে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে, সেটিও প্রমাণ হয়েছে। এরা মানুষ মারে, পুলিশ মারে, নাশকতা করে। বিএনপি-জামায়াত জোটের সেই আগুনসন্ত্রাস, পুড়িয়ে মানুষ হত্যা ও ধ্বংসযজ্ঞসহ সব অপকর্মের বিষয়ও জনগণের সামনে বেশি করে তুলে ধরতে হবে। এদের সম্পর্কে দেশবাসীকে সজাগ ও সতর্ক করতে হবে।'

আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের নবম তলার সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংসদ নেতা শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বৈঠকটি চলে। বৈঠকের শুরুতেই সর্বসম্মতক্রমে আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত করা হয় অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটনকে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, 'আগে দলের সাধারণ সম্পাদকই সংসদীয় দলের সম্পাদকের দায়িত্ব পালন করতেন। কিন্তু বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। তার একার পক্ষে এত দায়িত্ব পালন করা কঠিন হবে। এ কারণেই নূর-ই-আলম চৌধুরী লিটনকে এবার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।' এ সময় দলীয় এমপিরা লিটনকে অভিনন্দনও জানান।   

বৈঠকসূত্র জানায়, দলীয় এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, 'সবাইকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সমন্বয় করে জনগণের জন্য কাজ করতে হবে। নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।' তিনি বলেন, 'আগামী নির্বাচনে বিএনপি আসবে। কাজেই নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করতে হতে পারে। এ কারণে সবার মধ্যে সেধরনের প্রস্তুতি রাখতে হবে। শক্ত প্রতিদ্বন্দ্বিতা অতিক্রম করার জন্য দলকেও সেভাবেই প্রস্তুত করতে হবে। সরকারের উন্নয়ন-সফলতাগুলো জনগণের সামনে ভালভাবে তুলে ধরতে হবে।' নির্বাচনী এলাকায় থাকা দ্বন্দ্ব-বিভেদ দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দিয়ে সংসদ নেতা বলেন, 'দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রত্যেক সংসদ সদস্যের নৈতিক দায়িত্ব। তাই নিজ নিজ এলাকায় দলের মধ্যে যেখানে যেখানে সমস্যা আছে, তা চিহ্নিত করে দ্রুত নিরসন করতে হবে। দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এখনও যথেষ্ট সময় রয়েছে। এই সময়ের মধ্যে সবধরনের কোন্দল ও বিভেদ মিটিয়ে ফেলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে।'

পদ্মাসেতু সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, 'সম্প্রতি কানাডার আদালতের রায়েই প্রমাণ হয়েছে পদ্মাসেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। দুর্নীতি হওয়ার কোনো সুযোগও ছিল না। আমরা বিশ্ব ও জাতির সামনে প্রমাণ করতে পেরেছি, সততা ও স্বচ্ছতার সঙ্গেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল।' তিনি বলেন, 'পদ্মাসেতু আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংকের মিথ্যা দুর্নীতির অভিযোগের কারণে পদ্মাসেতুর নির্মাণ কাজ হয়তো কিছুটা পিছিয়েছে। এতোদিন হয়তো সেতুটি নির্মাণ হয়ে তার ওপর দিয়ে গাড়ি যেত। তবে বিলম্ব হলেও এ ঘটনায় জাতির মাথা বিশ্বের সামনে আরও উঁচু হয়েছে। বাঙালি জাতির মর্যাদা আরও সমুন্নত হয়েছে।'

বৈঠক সূত্র আরও জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় এমপিদের বেশকিছু নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। সব এমপির উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা নিজ নিজ নির্বাচনী এলাকায় কী কী উন্নয়ন করেছেন, উন্নয়নমূলক কাজের কী কী বাকি রয়েছে, আর কী করলে জনগণের মন জয় করা যাবে- তা একটি রিপোর্ট আকারে তৈরি করে সংসদীয় দলের সম্পাদকের কাছে জমা দেবেন। আমরা সেগুলো সমাধানের চেষ্টা করবো। একই সঙ্গে বিএনপি-জামায়াতের সহিংসতা, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের বিষয়গুলোও বুকলেট আকারে তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তা পৌঁছে দিয়ে এদের ব্যাপারে জনগণকে সতর্ক করবেন।’ বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সরকার দলীয় এমপি ড. হাছান মাহমুদ, মন্নুজান সুফিয়ান, মনিরুল ইসলাম মনির, এ কে এম শামীম ওসমান, শামসুল হক চৌধুরী, গোলাম খন্দকার প্রিন্স প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন