
নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার সাবেক এমপি জামায়াত নেতা মোহাম্মদ আবদুল খালেক মণ্ডলসহ চার 'রাজাকারের' বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।সপ্রসিকিউটর জেয়াদ আল মালুম ট্রাইব্যুনালের কাছে দুই মাস সময় প্রার্থনা করেছিলেন। গত ৮ ফেব্রুয়ারি তদন্ত সংস্থার কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান প্রসিকিউশন শাখায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এ মামলায় অপর তিন আসমি হলেন— সাতক্ষীরা জেলা জামায়াত নেতা এম আব্দুল্লাহ আল বাকী, খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম ওরফে টেক্কা মিয়া। আসামিদের মধ্যে খালেক মণ্ডল কারাগারে, বাকিরা পলাতক। ২০১৫ সালের ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আবদুল খালেক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুত্তিযুদ্ধের সময় সাতক্ষীরা সদর, আশাশুনি ও কলারোয়া থানার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণের মতো সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ।
মামলায় অভিযোগ করা হয়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী গঠন করে এর নেতৃত্ব দেন খালেক মণ্ডল। এরপর অন্য আসামিদের নিয়ে তৎকালীন সাতক্ষীরা সদর মহকুমা এলাকায় এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। ২০১৫ সালের ২৫ আগস্ট আবদুল খালেক মণ্ডলের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় ট্রাইব্যুনাল।
শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেক মণ্ডলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু হয়, শেষ হয় ৫ ফেব্রুয়ারি। এ মামলায় মোট ৬০ জন সাক্ষী প্রস্তুত রাখা হয়েছে।