
নিউজ ডেস্কঃ নীলফামারী জেলার জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি পরিবারের ১৫টি ঘর। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ছয় লক্ষ টাকা বলে জানা গেছে। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার খুটামারা ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, আব্দুস সালামের বাড়ী থেকে আগুনের সুত্রপাত হয়ে তা দ্রুত পার্শ্ববর্তী ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। জলঢাকা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাত ৩টা ২৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনি।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই আগুণের সুত্রপাত। তিনি আরো জানান, ছয়টি পরিবারের রান্নঘর ও গোয়ালঘর সহ ১৫টি ঘর পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ছয় লক্ষ টাকা। এদিকে আজ বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মুহা: রাশেদুল হক প্রধান। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ দুই হাজার টাকা, একটি লুঙ্গি, একটি শাড়ি ও কম্বল প্রদান করেন।
অন্যদিকে ওইদিন দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে পরিদর্শনে যান জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল। সেখানে তিনি বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল আব্দুস সালাম, ওহিদুল ইসলাম, সফিয়ার রহমান, মোসলেম উদ্দিন, শরিফুল ইসলাম ও আমের আলী।