
নিউজ ডেস্কঃ নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো: শামীম আলম ও তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: জিল্লুর রহমান। আজ বৃহস্পতিবার বিচারপতি মো: ইমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেন। একইসাথে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মজিবুর রহমানকে তিনটি পুকুর ভোগ-দখলে যেন বাধা না দেয়া হয়, সে বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। আদালতে জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী শহিদুল ইসলাম খান, ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান ও ব্যারিস্টার উপমা বিশ্বাস। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বদরুদোজ্জা বাবু।
আইনজীবী বদরুদোজ্জা বাবু জানান, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মজিবুর রহমান তিনটি পুকুর ভোগ-দখল করে আসছিলেন। কিন্তু ২০১৬ সালের ৩১ অক্টোবর সিরাজগঞ্জের জেলা প্রশাসক পুকুরগুলি ইজারা প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করেন। এই বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেন মজিবুর রহমান সরকার। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ওই পুকুর ইজারা না দেয়ার জন্য ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেন। হাইকোর্টের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগ আবেদন করেন। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
আদালতের আদেশ অমান্য করে গত ৩১ জানুয়ারি ওই পুকুর ইজারা দেয়ার জন্য স্থানীয় প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে। এ ঘটনায় সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ তিনজনের জনের বিরুদ্ধে হাইকোর্ট আদালত অবমাননার মামলা করেন মজিবুর রহমান সরকার। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত তিন কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। হাজির হয়ে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ব্যাখ্যা দাখিল করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।